...|...|...

আইন ও আদালত

দাবি আপিল বিভাগের

কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১২:৪৫
Shares
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’-এ ধরনের কোনো মন্তব্য প্রধান বিচারপতি করেননি বলে দাবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের দাবি, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মন্তব্যের খবরকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া। 

একই বিষয়ে পৃথক বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সংশ্লিষ্ট সংবাদটি নিউজ পোর্টাল থেকে প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এ প্রতিবাদ জানানো হয়।

আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে কার্যতালিকার এক নম্বরে থাকা ‘এসএম আমিনুজ্জামান ফারুক অ্যান্ড আদার্স বনাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল’ মামলার (ক্রিমিনাল আপিল ৮/২০২৪) দীর্ঘ সময় শুনানি হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মামলার শুনানির সময় ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ কিংবা ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’- এ ধরনের কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি। অথচ তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত এসব সংবাদকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে উল্লেখ করেছে আপিল বিভাগ।

আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুনানির সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আদালতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল। এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের যথাযথভাবে তথ্যের সত্যতা যাচাই করা উচিত ছিল বলেও উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পৃথক প্রেস রিলিজে জানান, গত ১৮ ও ১৯ নভেম্বর- দুই দিনই তিনি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বর মামলার শুনানিতে অংশ নিয়েছেন। দুই দিনই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হকসহ অন্য আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।