...|...|...

আইন ও আদালত

মানবতাবিরোধী অপরাধ মামলায় জিয়াউলের পক্ষে একজনের সাফাই সাক্ষ্য আজ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৮
Shares
মানবতাবিরোধী অপরাধ মামলায় জিয়াউলের পক্ষে একজনের সাফাই সাক্ষ্য আজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী। তবে সাক্ষীর নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। এ নিয়ে আপত্তি জানিয়েছে প্রসিকিউশন।

রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির কার্যক্রম পরিচালনা করবেন।

নিরাপত্তার কারণ দেখিয়ে এদিন সশরীরে ট্রাইব্যুনালে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন জিয়াউল আহসান।

আসামিপক্ষের আইনজীবীরা জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও তার নাম প্রকাশ করেননি। আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে প্রসিকিউশনের অভিযোগ, সময়ক্ষেপণের উদ্দেশ্যেই নাম গোপন রাখা হয়েছে।

এ মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য রবিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তার জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এর আগে গত ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। সেখানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। তদন্ত কর্মকর্তা জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা জনসম্মুখে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো।

তার ভাষ্য অনুযায়ী, প্রকৃত অপরাধীদের আড়ালে রাখতেই নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্তের আশ্রয় নেওয়া হতো। এসব তদন্তের প্রতিবেদন তৈরির জন্য প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের দিয়ে মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করানো হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা।

জবানবন্দি দেওয়ার পর টানা কয়েক দিন রফিকুল ইসলামকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যার ঘটনা। প্রসিকিউশনের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন জিয়াউল আহসান।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।