...|...|...

রাজনীতি

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষাণা জামায়াতের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষাণা জামায়াতের

ছবি: সংগৃহীত

রাজধানীতে নাগরিক নিরাপত্তা জোরদার, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মিছিল, সভা ও গণসংযোগও চালাবে দলটি।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে মোট ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।

সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ে তোলার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরীর উত্তর অংশের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে বড় পরিসরে নাগরিক সমাবেশ করা হবে। এসব আয়োজনে দলীয় পরিচয়ের বাইরে সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি সমাবেশ ঘিরে একাধিক মিছিল, সভা ও গণসংযোগও অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় পরিবেশ ও মর্যাদা বজায় রেখে ইফতার মাহফিল এবং গণসংযোগসহ অন্যান্য কার্যক্রম চালানো হবে। ফেব্রুয়ারি মাসের কর্মসূচি শেষ হলে মার্চে পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।