...|...|...

আইন ও আদালত

মানবতাবিরোধী অপরাধ

জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
Shares
জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

ছবি: সংগৃহীত

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলাটির যুক্তিতর্ক শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের ফেসবুক পেজে এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়।

মামলাটিতে একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। সেখান থেকেই ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগে একই সময়ে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে।