...|...|...

খেলা

সিলেট টেস্ট

হতাশায় দিন পার বাংলাদেশের, ৩১৫ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৫
Shares
হতাশায় দিন পার বাংলাদেশের, ৩১৫ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে যেন এক চরম হতাশার দিন পার করল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন স্বাগতিক বোলাররা। এই সুযোগে ৩৩৮ রান যোগ করে দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান তুলেছে সফরকারীরা। সব মিলিয়ে ৩১৫ রানের শক্ত লিড নিয়ে চালকের আসনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৩০ রানে পিছিয়ে থেকে গতকাল দিন শেষ করা ক্যারিবীয় ওপেনাররা আজ রোববার চতুর্থ দিনের শুরু থেকেই চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। প্রথম ইনিংসে পেসাররা সুবিধা পেলেও দ্বিতীয় ইনিংসে তার লেশমাত্রও ছিল না। ৮৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম।

দলীয় ৫৫ রানের লিড থাকা অবস্থায় ৩৬ রান করা জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেওয়া ব্রেন্ডন কিংকে (৬১) স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ।

তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন কাভেম হজ ও কেভিন উইকহ্যাম। এই দুজনে ১৫৫ রানের বড় জুটি গড়ে দলকে আরও নিরাপদ স্থানে নিয়ে যান। উইকহ্যাম ৭৮ রান করে তাইজুলের বলে বোল্ড হলেও দিন শেষের বাকি সময়টা আর কোনো সাফল্য এনে দিতে পারেননি বোলাররা। আমির জাঙ্গোকে সাথে নিয়ে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের চমৎকার সেঞ্চুরি তুলে নেন হজ।

দিন শেষে ১৪০ রানে কাভেম হজ এবং ২০ রানে আমির জাঙ্গো অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম দুটি ও মিরাজ একটি উইকেট শিকার করেন।