...|...|...

প্রবাস

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ১:৩৩
Shares
সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে জননিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও স্থানীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় দূতাবাস। এতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি দেশটির আইন ও সামাজিক বিধিনিষেধের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে। সংরক্ষিত এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংবেদনশীল ঘটনা কিংবা স্পর্শকাতর কোনো বিষয়বস্তুর ছবি তোলা বা ভিডিও ধারণ না করতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে দূতাবাস। ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সৌদি আরবের আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ কিংবা আদান-প্রদান না করতে বলা হয়েছে। এ ধরনের কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচল নিয়েও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাসে সেবা নিতে এলে প্রয়োজন শেষ হওয়ার পর ভেতরে, বাইরে বা আশপাশে উদ্দেশ্যহীনভাবে অবস্থান না করতে বলা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সৌদি আরবের প্রচলিত আইনে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকা এবং তা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দায়িত্বশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ছবি ও ভিডিও ধারণ এবং সংবেদনশীল স্থান বা বিষয়সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ডে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।