...|...|...

জাতীয়

ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, ২ কর্মকর্তা বরখাস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১১:০১ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৪
Shares
ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, ২ কর্মকর্তা বরখাস্ত

সৌদি আরবের মদিনা থেকে আসা ওমরাহ যাত্রীদের ব্যাগেজ বেল্টে জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণেই ওমরাহ যাত্রীদের জমজমের পানি সময়মতো পৌঁছায়নি। এ নিয়ে ভোগান্তির শিকার যাত্রীরা বিমানের মহাব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগকারীদের তালিকায় কয়েকজন সংসদ সদস্যও ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নির্দেশনায় এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই বিমান কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে যাত্রীদের জমজমের পানি বিতরণের জরুরি ব্যবস্থা করে এবং পরবর্তীতে বিলম্বিত কন্টেইনারটি শনাক্ত করে সবার মাঝে পানি পৌঁছে দেয়। সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতে অভ্যন্তরীণ নজরদারি আরও জোরদার করা হবে বলে জানায় বিমান।