ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা, বিমানবন্দরগুলোর সাময়িক বন্ধ বা ফ্লাইট চলাচলে বিঘ্নের আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত নিজ নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২ নভেম্বর) সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এই জরুরি অ্যালার্ট জারি করে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুথিরা আক্রমণ চালিয়ে আসছে। এসব হামলায় সাধারণ মানুষের হতাহতের পাশাপাশি আকাশপথে যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটেছে।
দূতাবাস আরও সতর্ক করে দিয়ে বলেছে, চলমান এই শত্রুভাবাপন্ন পরিস্থিতি যেকোনো মুহূর্তে মূল এলাকা ছাড়িয়ে দ্রুত অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে মার্কিন পররাষ্ট্র দফতর গত ২৩ অক্টোবর থেকেই সৌদি আরবে কর্মরত জরুরি প্রয়োজনবহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন (ইউএভি) হামলার ঘটনার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের যেকোনো বিমানবন্দর ব্যবহারের জন্য ‘চিফ অব মিশন’-এর বিশেষ পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া মার্কিন নাগরিকদের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন এবং নিজ নিজ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের চূড়ান্ত সময় নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


