সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় কর্মস্থলে বৈদ্যুতিক কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মোহাম্মদ শহীদ উল্লাহ বাবু নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মক্কার অতবিয়া এলাকায় একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ উল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি ওই বাড়ির মাওলানা শামসুল হুদার ছেলে।
নিহতের ভাই বদিউল আলম মুন্না জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মক্কার অতবিয়া এলাকায় একটি ভবনে বৈদ্যুতিক কাজ করছিলেন শহীদ উল্লাহ বাবু। এ সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শহীদ উল্লাহ বাবু দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে, নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তার পরিবার।


