পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, রবিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের এই সংখ্যা প্রাথমিক। উদ্ধার অভিযান চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট-লুইসের মধ্যবর্তী কেবেমার বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে নৌকাটি উল্টে যায়। এটি স্থানীয়ভাবে ‘পিরোগ’ নামে পরিচিত একধরনের ছোট নৌকা।
সেনেগালের সংবাদপত্র লে সোলেইলের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই কেবেমার বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডারস জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে অভিবাসীবাহী নৌকার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় শনিবার ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি অভিবাসী এল হিয়েরোতে পৌঁছেছেন।


