...|...|...

বিশ্ব

ট্রাম্পের নিষেধাজ্ঞা

সিএনএন-সহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশে বাধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
সিএনএন-সহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশে বাধা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘোষণার একদিন পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে পড়েছেন সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের সাংবাদিকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) এসব সংবাদমাধ্যমের কয়েকজন সাংবাদিককে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও জানান তিনি।

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট, তার প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্র সম্পর্কে সংবাদ প্রকাশের সময় কোনো সংবাদমাধ্যমের নিয়মিতভাবে কল্পকাহিনি ও মিথ্যা প্রচারের সুযোগ থাকা উচিত নয়।

ট্রাম্পের ঘোষণার পর সিএনএন, এমএস নাউ ও পলিটিকো জানিয়েছিল, তারা তাদের সংবাদ কাভারেজ অব্যাহত রাখবে।

শনিবার সিএনএনের একজন প্রতিবেদক ও একজন ফটোগ্রাফারকে হোয়াইট হাউসের নিরাপত্তা বুথ থেকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় তাদের প্রেস পরিচয়পত্র নিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে সিএনএন।

সিএনএনের ফটোগ্রাফার জানান, তিনি ও ওই প্রতিবেদক নিরাপত্তা বুথ থেকে বের হওয়ার সময় তাদের প্রেস পাস নিয়ে নেওয়া হয়। পরে একজন নিরাপত্তা কর্মকর্তা সিএনএনের প্রতিবেদককে জানান, তার ব্যাজ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

পলিটিকোর প্রধান সম্পাদক জোনাথন গ্রিনবার্গার জানান, তাদের একজন প্রতিবেদককেও হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার প্রেস পরিচয়পত্র নিয়ে নেওয়া হয়েছে।

এমএস নাউ জানিয়েছে, তাদের কয়েকজন সাংবাদিককেও হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সিএনএন বলেছে, সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন করার অধিকার মার্কিন সংবিধানে সুরক্ষিত। তাদের দাবি, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ওই সাংবিধানিক অধিকারের ওপর আঘাত।

এমএস নাউ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হলেও স্বাধীন সাংবাদিকতার ভূমিকা এবং সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পলিটিকোর প্রধান সম্পাদক জোনাথন গ্রিনবার্গার বলেন, হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের পাশে থাকবে তাদের প্রতিষ্ঠান। সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা অধিকার রক্ষায় তারা কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার প্রত্যাহারের সমালোচনা করেছেন হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির প্রেসিডেন্ট জ্যাকি হাইনরিখ। তিনি সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছেন।

তবে সাংবাদিকদের প্রবেশাধিকার প্রত্যাহারের বিষয়ে শনিবার পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্পের ঘোষণার পরদিনই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় হোয়াইট হাউসের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক এবং সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।