সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এ বিষয়ে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। তাই এ ধরনের গুজবে কান না দিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কিংবা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।


