...|...|...

সারাদেশ

সাজেক সড়ক অবরোধের মধ্যেও থেমে নেই সেনাবাহিনীর মানবিক কাজ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
সাজেক সড়ক অবরোধের মধ্যেও থেমে নেই সেনাবাহিনীর মানবিক কাজ

সাজেক সড়ক অবরোধের মধ্যেও থেমে নেই সেনাবাহিনীর মানবিক কাজ। ছবি: টাইমস টুডে

সাজেক সড়কে অবরোধে ব্যাহত যোগাযোগ। দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসাসেবা পাওয়াও কঠিন। এমন পরিস্থিতিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জারুলছড়ির নতুন দোকান এলাকায় অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সড়ক অবরোধের মধ্যেই প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্প।

রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রায় ৯০ জন পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা পেয়েছেন।

সাজেক সড়কে অবরোধের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে চিকিৎসাসেবা দেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এলাকার পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের অংশগ্রহণে চিকিৎসা কার্যক্রমটি হয়ে ওঠে স্বস্তির উপলক্ষ। দুর্গম এলাকায় সহজে চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ সীমিত হওয়ায় সেনাবাহিনীর এ উদ্যোগে উপকৃত হয়েছেন স্থানীয় অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এ অঞ্চলে চিকিৎসাসেবা পাওয়া তাদের জন্য প্রায়ই চ্যালেঞ্জের বিষয়। বিশেষ করে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলে চিকিৎসার প্রয়োজনে বাইরে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে। এমন সময়ে সেনাবাহিনীর চিকিৎসা কার্যক্রম তাদের জন্য সহায়ক হয়েছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সহায়তার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।