লং মার্চের মাধ্যমে পতিত সরকার ফিরে আসবে’- এমন আশঙ্কার কথা তুলে ধরে সরকার জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করতেই সরকার এ ধরনের অজুহাত তৈরি করছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এর আগে ১১ দলীয় জোটের উদ্যোগে দুটি লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আসন্ন কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালনের পরিকল্পনা রয়েছে। তবে লং মার্চের কারণে সড়কে সাময়িক যানজট ও চলাচলে ভোগান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
কর্মসূচির বিস্তারিত তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে লং মার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। প্রায় ১২ ঘণ্টার এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণের কথা জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।


