...|...|...

সারাদেশ

আ.লীগ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা

বিএনপি ও পুলিশ কষ্ট দিলে দাঁতভাঙা জবাব দেবো

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৫
Shares
বিএনপি ও পুলিশ কষ্ট দিলে দাঁতভাঙা জবাব দেবো

বিএনপি নেতা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

‘বিএনপি ও পুলিশ যদি আপনাদের কষ্ট বা যন্ত্রণা দেয়, আমি এর দাঁতভাঙা জবাব দেবো। আপনাদের কোনো ভয় থাকবে না। আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন। এমপি সাহেব যেহেতু মুখ বন্ধ রাখছেন, তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই।’- নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য খলিলুর রহমানের এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভাতিজা হানিফের প্রচারণায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ওই নেতা।

ভিডিওতে বলতে শোনা যায়, আমি কথা দিলাম। এখানে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, এনসিপি যায় আছে। আপনারা ওপেন নির্বাচন করবেন। কোন বিএনপি বা কোন পুলিশ যদি আপনাদের ছায়া না দিয়ে কষ্ট বা যন্ত্রণা দেয়। তবে তার দাঁতভাঙা জবাব দেবো আমি। আপনাদের কোন ভয় থাকবে না। এমপি সাব যেহেতু মুখ বন্ধ রাখছে। এইখানে ভয়ের কোন কারণ আছে?মামলা করতে হবে তাই মামলা হইছে। কিন্তু মামলা হওয়ার পর আমার এই রৌহা ইউনিয়নে পুলিশ কয়দিন আসছে।

বক্তব্যটি দেওয়ার সময় খলিলুর রহমানকে স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে কথা বলতে দেখা যায়।

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেলে উপজেলা ও জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলের একজন দায়িত্বশীল নেতার মুখে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর আশ্বাস এবং নিজ দল ও পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্যে তৃণমূলের নেতা-কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, বিগত দিনে রাজনৈতিক নির্যাতন ভোগ করা মাঠপর্যায়ের নেতাকর্মীদের জন্য এ ধরনের বক্তব্য অপমানজনক। খলিলুর রহমানের এমন বিতর্কিত বক্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন তারা।

এদিকে বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া অসন্তোষের বিষয়ে কথা বলতে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জানান, এটা উনার ব্যাক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তবে এধরনের বক্তব্য কাম্য নয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী জানিয়েছেন, ‘ভিডিওটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে উনিই ভালো বলতে পারবেন।’