...|...|...

সারাদেশ

সন্দ্বীপে শ্রমিক দল নেতাকে গুলি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৯
Shares
সন্দ্বীপে শ্রমিক দল নেতাকে গুলি

জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা নাসির উদ্দীন বাবুল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুলকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাসির উদ্দীন বাবুলকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে হামলায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, নাসির উদ্দীন বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ভাই। সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আব্দুল করিম আটক হওয়ার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে বাবুলের ওপর কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করার তথ্যও পাওয়া যায়নি।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু হয়নি।