...|...|...

প্রবাস

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ প্রবাসীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে ৭ হাজার ৫০৪ জনের বিরুদ্ধে। এছাড়া সীমান্ত সুরক্ষা আইন ভাঙার অভিযোগে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৯ জনকে আটক করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও ২৫ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া কিংবা তাদের কাজে সহযোগিতা করার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ৩০ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখতে সহযোগিতা করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সাথে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

সৌদি প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

সূত্র: গালফ নিউজ