সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে নিয়ে বিষপান করেছেন জমসেদ আলী নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার তিন সন্তানের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় জমসেদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের শেষ দিকে বাড়িতে থাকা তিন সন্তানকে নিয়ে বিষপান করেন জমসেদ। কিছুক্ষণ পর তাদের গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশী ও স্বজনরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। জমসেদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া জানান, জমসেদের স্ত্রী মধ্যপ্রাচ্যে থাকেন। স্ত্রী বিদেশে থাকায় তিন সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন জমসেদ। ফোনে স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে সন্তানদের নিয়ে তিনি বিষপান করে থাকতে পারেন বলে স্বজনরা ধারণা করছেন।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাদের লাশ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


