শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। শিশু ক্যানসার হাসপাতালের জন্য সংগৃহীত দাতব্য তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (৭ অক্টোবর) কলম্বো থেকে লঙ্কান সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ৭৩ বছর বয়সী স্ত্রী শিরান্থীকে গ্রেপ্তার করে ‘কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অর করাপশন’ (সিআইএবিওসি)। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
সিআইএবিওসি জানায়, শিরান্থীর দাতব্য সংস্থা ‘সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে শিশুদের একটি ক্যানসার হাসপাতালের জন্য স্ক্যানার কেনার নামে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার (প্রায় ১ কোটি লঙ্কান রুপি) অনুদান তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে। তদন্তকারীরা জানান, চীন সরকার আগেই সেই স্ক্যানারটি অনুদান হিসেবে দিয়েছিল, তা সত্ত্বেও দাতব্য সংস্থাটি অনুদান তোলা অব্যাহত রাখে।
এই প্রক্রিয়ায় বেআইনিভাবে সরকারি তহবিল থেকে অনুদান দেওয়ার অভিযোগে তৎকালীন রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল সেভিংস ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রদীপ কারিয়াবাসামকেও গ্রেপ্তার করা হয়েছে।
শিরান্থী রাজাপাকসে এবং তার আইনজীবী মনোজ গামাগে অবশ্য সব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকা শিরান্থী আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়ে সম্প্রতি দেশে ফেরেন।
শ্রীলঙ্কার রাজনীতিতে প্রায় দুই দশক আধিপত্য চালানো রাজাপাকসে পরিবারের ওপর চাপ আরও বাড়ল। প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে ক্ষমতায় আসার পর এই পরিবারের বিরুদ্ধে চাপা পড়ে থাকা দুর্নীতির তদন্ত নতুন করে শুরু হয়েছে।
এর আগে এয়ারবাস বিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগে সাবেক ফার্স্ট লেডির বড় ছেলে নামাল রাজাপাকসেকেও রিমান্ডে নেওয়া হয়। ২০২২ সালে তীব্র গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসের ভাই গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পরিবারটির রাজনৈতিক প্রভাব মারাত্মকভাবে হ্রাস পায়।


