দেশের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশে শিগগিরই ১৭টি আধুনিক রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ৬টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন এবং ঢাকার হাসপাতালগুলোতেও রোগীর বাড়তি চাপ কমবে।
একই সাথে দেশে আধুনিক রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে চলতি বছরই ৫টি দেশে আনার পরিকল্পনা রয়েছে।
দেশের ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আন্তর্জাতিক প্রটোকল মেনে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর পরিবর্তনশীল ধরন ও ডেঙ্গু-পরবর্তী হৃদ্যন্ত্রের জটিলতার বিষয় বিবেচনা করে চিকিৎসকদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


