সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন মিডফিল্ডার হামজা চৌধুরী।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুজনকেই শুরুর একাদশে রাখা হয়েছে।
এদিকে, চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে ম্যাচ খেললেও পরের দিন অনুশীলনে ব্যথা পান তিনি। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ভুটানের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলদাতা ইব্রাহিম।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে অধিনায়কত্বের পরিবর্তন অব্যাহত রয়েছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন তপু বর্মণের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলেও ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে তিনি ছিটকে যান।
এরপর প্রথম ম্যাচে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া। এবার শ্রীলংকার বিপক্ষে একাদশে ফিরে অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন হামজা চৌধুরী। এর আগে জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেললেও এই মিডফিল্ডার কখনো নেতৃত্ব দেননি।
বাংলাদেশ একাদশ: হামজা চৌধুরি (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক ), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন,সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

