মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। এই সাফল্য উদ্যাপনে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বাফুফে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটিকে হাতিরঝিলে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ছাদখোলা বাসে করে অনূর্ধ্ব-২০ দলকে রাজধানী ঘুরিয়ে আনা হবে। সাধারণ মানুষের সঙ্গে এই অর্জনের আনন্দ ভাগাভাগি করতেই এমন আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে রাত সাড়ে ৭টায় চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন। সমর্থক ও সাধারণ মানুষকেও শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশে ফুটবল দলের সাফল্য উদ্যাপনে ছাদখোলা বাসে বরণ করার রীতি এখন বেশ জনপ্রিয়। এর আগে গত বছরের জুলাইয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার পর নারী দলকে একইভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এ ছাড়া গত জানুয়ারিতে সাফ নারী ফুটসাল শিরোপা জয়ের পর সাবিনা-কৃষ্ণাদেরও ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নিয়ে গিয়ে বরণ করা হয়।

