...|...|...

খেলা

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড় শতক এবং বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ দশমিক ৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান আল মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত এক নান্দনিক ইনিংস খেলেন তিনি। এছাড়া রবিউল হাসান আনিক ৪৮ বলে ৪৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শুরুর প্রাথমিক ধাক্কা সামলে এই জুটির ওপর ভর করেই বড় সংগ্রহ পায় যুবা টাইগাররা। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট শিকার করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ডানহাতি পেসার তাফিউল আলম তামিমের বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। তাফিউল ৭ দশমিক ৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে একাই শিকার করেন ৭টি উইকেট, যার মধ্যে ছিল দুটি মেডেন ওভার। মালয়েশিয়ার পক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করে ৮১ বলে ফিফটি করেন নাগিনেশ্বরন।

তবে অপর প্রান্তে সতীর্থদের অসহযোগিতায় বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে। তাফিউলের পাশাপাশি রুবায় ইসলাম রিজন দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন।