...|...|...

অর্থনীতি

শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:৩১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬
Shares
শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫

ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫টিতে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির কারখানার উৎপাদন বন্ধের তথ্য জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সাথে ঋণদাতা ব্যাংকগুলো এলসি খোলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি বাধাগ্রস্ত হয়।

এ ছাড়া দক্ষ শ্রমিকদের একটি বড় অংশ চাকরি ছেড়ে চলে যাওয়ায় জনবল সংকট তৈরি হয়। কাঁচামালের ঘাটতি ও শ্রমিক সংকটের কারণে শেষ পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

তবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে জানিয়ে এস আলম কোল্ড রোল্ড স্টিলস বলেছে, পরিস্থিতির উন্নতি হলে পুনরায় উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। দ্রুত উৎপাদন চালু করা সম্ভব না হলে কোম্পানির আর্থিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্র জানায়, কিছু কোম্পানি তাদের উৎপাদন বন্ধের বিষয়টি এক্সচেঞ্জকে জানিয়েছে, আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিদর্শনে গিয়ে কারখানা বন্ধ থাকার বিষয়টি জানা গেছে। বন্ধ থাকা কোম্পানিগুলোর বেশির ভাগই ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে উৎপাদন বন্ধ করেছে। তবে কয়েকটি প্রতিষ্ঠান এরও আগে থেকে নিষ্ক্রিয় রয়েছে।

তালিকাভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, যা ২০০২ সাল থেকে উৎপাদন কার্যক্রমে নেই। এছাড়া বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে।

বন্ধ কোম্পানির তালিকায় ইস্পাত, বস্ত্র, বিদ্যুৎ, সিমেন্ট, প্রকৌশল, সিরামিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও রাসায়নিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এস আলম কোল্ড রোল্ড স্টিলসের আগে একই গ্রুপের অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগ্রো বায়োটেক তালিকায় যুক্ত হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬০টি, ‘বি’ ক্যাটাগরির ৭৪টি এবং ‘জেড’ ক্যাটাগরির ১২৬টি কোম্পানি রয়েছে। উৎপাদন বন্ধ থাকা অনেক প্রতিষ্ঠানই ‘জেড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।