...|...|...

জাতীয়

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪১
Shares
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রপ্তানি, বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে চলতি দশকের মধ্যে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় তার সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি জানান।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামি উন্নয়ন ব্যাংক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে এবং দেশের জন্য নতুন দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা।’

রপ্তানি ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দশকে এসব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ক্রমেই জটিল হয়ে ওঠা বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাত, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং উন্নয়ন অর্থায়নের ব্যয় বৃদ্ধি উন্নয়নশীল অর্থনীতিগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না। এ কারণে আগের যেকোনো সময়ের তুলনায় এখন অংশীদারত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইসলামি উন্নয়ন ব্যাংকের মধ্যে নতুন ধরনের অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে আইএসডিবির প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের অর্থায়নকে বাংলাদেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।