...|...|...

জাতীয়

গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৯
Shares
গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন এ আবেদন করেন।

আদালতে দেওয়া রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে নজরুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন।

আবেদনে আরও বলা হয়, নিহত মরিয়মের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করছে। এ ছাড়া সংসারসংক্রান্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে নজরুল ইসলামকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কিছু চিরকুটও উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেফতার করে পুলিশ।

২১ সেপ্টেম্বর আদালতের আদেশে নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিন রাতে মামলাটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এক দিনের রিমান্ড শেষে গত মঙ্গলবার মাকছুদা বেগমকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, চার দিনের রিমান্ড শেষে নজরুল ইসলামকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি।

এদিকে, মামলার তিন নম্বর আসামি ওবায়দুর রহমানকে গতকাল গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।