...|...|...

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪০
Shares
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে উদ্ধার হওয়ার পর তারা দীর্ঘদিন ওই আটককেন্দ্রে ছিলেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত পথে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা অনেক সময় প্রাণহানি, নিখোঁজ হওয়া, জিম্মি কিংবা আটকের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এ ধরনের যাত্রার পর অনেক অভিবাসীকে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে কঠিন পরিবেশে থাকতে হয়।

এ কারণে দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করতে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের শনাক্ত করা, তাদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া এবং দেশে ফেরানোর কাজে দূতাবাস নিয়মিতভাবে কাজ করছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস। বেনগাজীর গানফুদা ও ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে এখনও অবস্থানরত অন্য বাংলাদেশিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।