...|...|...

খেলা

রিয়ালের জয়ের পরও গুলেরের কনুইয়ের আঘাত নিয়ে বিতর্ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৪
Shares
রিয়ালের জয়ের পরও গুলেরের কনুইয়ের আঘাত নিয়ে বিতর্ক

ছবি: সংগৃহীত

সেভিয়াকে বড় ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের তারকা কিলিয়ান এমবাপে করেছেন জোড়া গোল। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আর্দা গুলেরের একটি কনুইয়ের আঘাতের ঘটনা। এ ঘটনায় লাল কার্ড না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা। অন্যদিকে, রিয়াল কোচ হোসে মরিনিয়ো মনে করছেন, এ নিয়ে বিতর্কের কোনো ভিত্তি নেই।

রবিবার (১৮ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাবেউতে লা লিগার ম্যাচে সেভিয়াকে ৪-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৫ মিনিটের দিকে সেভিয়ার মিডফিল্ডার জেরার্ড ‘পেকু’ ফের্নান্দেসের সাথে গুলেরের সংঘর্ষ ও ফাউলের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনায় লাল কার্ড না দেখানোয় ক্ষুব্ধ হন সেভিয়া কোচ। তার দাবি, রেফারির সিদ্ধান্তের কারণে তার দল ১০ জন নিয়ে খেলার পরিস্থিতির মুখে পড়েও সেই সুযোগ পায়নি। অন্যদিকে মরিনিয়োর অভিযোগ, বড় ব্যবধানে হারের পর আলোচনা অন্যদিকে সরাতেই এ বিষয়টি সামনে আনছেন প্রতিপক্ষ কোচ।

ম্যাচ শেষে গুলেরের ফাউল নিয়ে প্রশ্নের জবাবে মরিনিয়ো বলেন, ‘লোকে যা হয়েছে বলে দাবি করছে, তার প্রমাণ কেউ আমাকে দেখাতে পারেনি। কোনো ছবি বা ফুটেজই নেই। আমি নিজে টিভি ফুটেজ চেয়েছি, এমনকি ট্যাকটিক্যাল ক্যামেরার দায়িত্বে থাকা আমার স্টাফদের কাছেও ছবি চেয়েছি কিন্তু যে ঘটনা নিয়ে এত কথা হচ্ছে আর লুইস (গার্সিয়া প্লাসা) যে কারণে চটেছে, তার বিন্দুমাত্র কোনো প্রমাণ আমি দেখিনি।’

তবে এ ঘটনায় নিজের অবস্থানে অনড় সেভিয়া কোচ গার্সিয়া প্লাসা। তিনি বলেন, ‘আজকের ম্যাচে ২৫ মিনিটের মাথা থেকেই আমাদের একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলা উচিত ছিল ১১ জনের বিপক্ষে ১০ জন। ওই ঘটনার পর আমি আর ম্যাচ নিয়ে কথাই বলতে চাই না। এটা অবিশ্বাস্য! আমি নিজে দেখেছি। পেকু তো অর্ধেকের সময় এসে বলছিল যে “ও আমাকে মেরেছে।” ওটা পরিষ্কার লাল কার্ড ছিল।’

গুলের, কিলিয়ান এমবাপে ও ইয়ান দিওমান্দের গোলে জয় পেলেও লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে নেই রিয়াল। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ফলে আগামী সপ্তাহে এল ক্লাসিকোয় নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল।

আন্তর্জাতিক বিরতির পর টানা তিন ম্যাচে জয় পাওয়া রিয়ালের সামনে এখন ব্যস্ত সূচি। চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে খেলার পরই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে দলটি।