...|...|...

খেলা

মেসির নির্বাচিত ১০ তরুণ ফুটবলারের একজন মোরা, পেলেন বিশেষ উপহার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৩
Shares
মেসির নির্বাচিত ১০ তরুণ ফুটবলারের একজন মোরা, পেলেন বিশেষ উপহার

ছবি: সংগৃহীত

মাত্র ১৮ বছর বয়সেই মেক্সিকোর ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন গিলবার্তো মোরা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করা এই তরুণ মিডফিল্ডার এবার জায়গা পেয়েছেন লিওনেল মেসির নির্বাচিত প্রতিশ্রুতিশীল ফুটবলারদের তালিকায়। স্বীকৃতির পাশাপাশি মেসির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন বিশেষ সংস্করণের একজোড়া ফুটবল বুট।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের ১০ তরুণ ফুটবলারকে আগামীর তারকা হিসেবে বেছে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই তালিকায় রয়েছেন মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার মিডফিল্ডার মোরা।

মেসির নির্বাচিত হওয়ায় উপহার হিসেবে মোরা পেয়েছেন অ্যাডিডাসের বিশেষ সংস্করণের এফ৫০ বুট। ‘ফুটবল ই ফামিলিয়া’ সংস্করণের গোলাপি, সাদা ও কালো রঙের এই বুটে রয়েছে মেসির নিজস্ব লোগো।

বিশেষ বুট পেয়ে ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়েছেন মোরা। তিনি লিখেছেন, ‘মেসি +১০ প্রকল্পের অংশ হতে পারাটা সম্মানের। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ মেসি ও অ্যাডিডাসকে। আপনার বুট পরে খেলতে পারাটা হবে আমার স্বপ্নপূরণ।’

ক্লাবের হয়ে পারফরম্যান্স এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা মোরাকে দেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে পরিচিত করেছে। এবার মেসির এই স্বীকৃতিতে আন্তর্জাতিক ফুটবলেও তার পরিচিতি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, মোরার ইউরোপের ফুটবলে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে আপাতত ১৮ বছর বয়সে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার কাছ থেকে পাওয়া এই স্বীকৃতিই তার জন্য বিশেষ প্রাপ্তি।