ইংলিশ প্রিমিয়ার লিগে জয়হীনতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ছন্দহীন ফুটবল খেলেও শেষ দিকে গোল করে জয় তুলে নিয়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডের মাঠে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইউনাইটেড, আর নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান কমিয়েছে গানাররা।
রবিরার (১৮ অক্টোবর) রাতে লিডসের মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে নেমে গেছে ম্যানইউ।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের নয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিডসের মাঠে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল দলটির। তবে ব্রায়ান এমবিউমোর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট পাওয়া হয়নি মাইকেল ক্যারিকের দলের।
ম্যাচের শুরুতে দুই দল আক্রমণের চেষ্টা করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ২৬ মিনিটে নিকো এলভেদির হেড দারুণভাবে আটকে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন্নে ল্যামেন্স। এর পরের মিনিটে ইউরি টিলেমান্সের ক্রস থেকে হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি এমবিউমো। পরে তার আরেকটি শট ঠেকিয়ে দেন লিডস গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।
৩৫ মিনিটে অবশ্য আর সুযোগ নষ্ট করেননি এমবিউমো। ডান দিক থেকে টিলেমান্সের নিচু ক্রসে পাওয়া বল নিখুঁত শটে জালে পাঠান তিনি। চলতি প্রিমিয়ার লিগে এটি ছিল তার চতুর্থ গোল। এই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জোরালো করে লিডস। ৫১ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে তারিক মুহারেমোভিচের হেডের পর বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ডমিনিক ক্যালভার্ট-লুইন। এতে সমতায় ফেরে স্বাগতিকেরা।
এরপর ইউনাইটেডকে চাপে রাখে লিডস। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে মেসন মাউন্ট ও মাতেউস কুনিয়াকে মাঠে নামান ক্যারিক। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেতে বেশ কঠিন পরীক্ষায় পড়তে হয় আর্সেনালকে। পুরো ম্যাচে প্রত্যাশিত ছন্দ খুঁজে না পেলেও ৮০ মিনিটে ননি মাদুয়েকের গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মিকেল আরতেতার দল।
এর আগে ইপসউইচ টাউনকে ৩-২ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। তাই শীর্ষ দলের সাথে ব্যবধান কমাতে আর্সেনালের জন্য এই জয় ছিল গুরুত্বপূর্ণ। ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের পর টানা তিন ম্যাচে জয়ের ধারাও ধরে রাখল গানাররা। এর মধ্যে লিগে লিডস এবং চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষেও জয় পেয়েছে তারা।
গত মৌসুমে দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপা জেতা আর্সেনাল এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে। ফরেস্টের বিপক্ষে দলের খেলায় গতিময়তা ও ছন্দের ঘাটতি থাকলেও সাত ম্যাচের ছয়টিতে জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। অন্যদিকে, লিডসের মাঠে পয়েন্ট হারিয়ে আরও চাপে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।


