মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎ শেষে তাবিথ আউয়াল জানান, প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতির সময় বাফুফের একটি প্রতিনিধিদল ফিফা সভাপতির সাথে কথা বলার সুযোগ পেয়েছে। এ সময় বাংলাদেশের ফুটবল নিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন ইনফান্তিনো।
তাবিথ আউয়াল বলেন, ভবিষ্যতে ফিফার সাথে বাংলাদেশ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আসিয়ান কাপে বাংলাদেশের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে এ ধরনের আরও টুর্নামেন্ট আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নেবে কি না, সে বিষয়েও জানতে চেয়েছেন ফিফা সভাপতি।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের খেলার সুযোগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। বাফুফে সভাপতি জানান, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন এবং ফিফা উইন্ডো আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে কথা হয়েছে। বিভিন্ন মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের দলগুলোর মধ্যে পারস্পরিক ম্যাচ আয়োজনের সুযোগ বাড়াতে চান তারা।
বাংলাদেশের ফুটবল অবকাঠামো উন্নয়নে ফিফার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তাবিথ আউয়াল। তার ভাষ্য, ফিফা ফরোয়ার্ড কর্মসূচির আওতায় বরাদ্দ থাকা যেসব অর্থ এখনো ব্যয় করা হয়নি, সেগুলো ব্যবহারের জন্য প্রকল্প প্রস্তুতের কাজ চলছে।
প্রকল্পগুলোর বাস্তবায়নপ্রক্রিয়া এগিয়ে গেলে ফিফা সভাপতি বাংলাদেশ সফরে এসে সেগুলোর উদ্বোধন করতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি।
তিনি বলেন, দেশের টেকনিক্যাল সেন্টারের কাজ শুরু হওয়া, সিলেটে হাইব্রিড পিচ নির্মাণ এবং দুটি স্টেডিয়ামের সংস্কার ও ফ্লাডলাইট স্থাপনের কাজ এগিয়ে গেলে ফিফা সভাপতির বাংলাদেশ সফরের সুযোগ তৈরি হবে। তাবিথ আউয়ালের ভাষ্য, ইনফান্তিনো যেকোনো সময় বাংলাদেশে আসতে প্রস্তুত।
ফুটবল অবকাঠামোর পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার নিয়েও ফিফা সভাপতির সাথে কথা হয়েছে বলে জানান তাবিথ আউয়াল।
তিনি বলেন, স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আলোর ব্যবস্থা করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ সম্পর্কেও জানানো হয়েছে। এসব পরিকল্পনায় ফিফা সভাপতি আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ১৮ নভেম্বর ফিফা সভাপতি পদে কারা মনোনয়ন জমা দেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা। এরপর এ বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ বা প্রকাশ করার সুযোগ তৈরি হতে পারে।
ঢাকায় স্বল্প সময়ের এই সাক্ষাৎকে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উন্নয়ন, আন্তর্জাতিক ম্যাচের সুযোগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনার অংশ হিসেবে দেখছে বাফুফে।


