...|...|...

খেলা

হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১১:১৪
Shares
হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান যাওয়ার পথে রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।

মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে যাত্রা করা ফিফা সভাপতির সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার স্বল্প সময়ের ঢাকা সফর ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ফিফা সভাপতির ইমিগ্রেশনসহ ট্রানজিটের সব প্রক্রিয়া যেন দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন ফিফা সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে তাবিথ আউয়ালের সাথে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।