লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা।
সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টসের খবর, ম্যাচটি লা বোমবোনেরা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা বেশি। লা প্লাতার এস্তাদিও উনিকো স্টেডিয়ামও বিবেচনায় ছিল, তবে সেখানে সংস্কারকাজ চলায় লা বোমবোনেরাই এগিয়ে আছে।
দ্বিতীয় ম্যাচ ১৭ নভেম্বর। কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এর আগের সফরে এই শহরেই বলিভিয়াকে হারিয়েছিল তারা।
এই দুই ম্যাচ দিয়েই মেসিকে ছাড়া আর্জেন্টিনার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আবেগঘন পরিবেশে জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানেন মেসি।
বছরের শেষ এই বিরতিতে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকেও পাচ্ছে না দলটি। তার অনুপস্থিতিতে ক্রিস্তিয়ান রোমেরো হয়েছেন নতুন অধিনায়ক।
এদিকে আসন্ন ক্যাম্পে কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের আলোচনাও এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৭ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে দল গোছানোর সুযোগ হিসেবে ম্যাচ দুটিকে দেখছেন স্কালোনি। নতুন খেলোয়াড়দের যাচাই করার পাশাপাশি কৌশল ও একাদশ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তিনি।
মেসি ও ওতামেন্দি ছাড়া নতুন নেতৃত্বে আর্জেন্টিনা কতটা কার্যকর, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি হবে তার বড় পরীক্ষা।


