বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন আর নেই। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
মোসাদ্দেক হোসেনের এই অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন এবং তরুণ প্রতিভা অন্বেষণে নিরলস কাজ করে গেছেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে মেধার পরিচয় দেন। পাশাপাশি তিনি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সাথেও যুক্ত ছিলেন।
বিসিবি-এসিসি লেভেল-২ সনদধারী এই অভিজ্ঞ কোচ ঢাকা জেলা কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। সবশেষ 'রবি বোলার হান্ট'-এর ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারক হিসেবে তরুণ পেসার বাছাইয়ে ভূমিকা রাখেন তিনি।

