আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছা জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষা, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে তাকে।
প্রায় দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন জাহানারা। সম্প্রতি জাতীয় দলে ফেরার আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছেন তিনি। এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রসেস আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা সিলেক্টরদের ব্যাপার।'
মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহানারা। সেখানে ক্লাব ক্রিকেটে খেলছিলেন তিনি। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে তার সাথে ঘটে যাওয়া মানসিক ও যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আনেন এই ক্রিকেটার। এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
জাহানারার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে দলে ফেরার আগে জাহানারাকে নিজের ফিটনেস ও খেলার সক্ষমতা প্রমাণ করতে হবে বলে জানান তিনি।
সাজ্জাদ আহমেদ বলেন, 'আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে। এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।'
সব মিলিয়ে জাতীয় দলে ফেরার দরজা জাহানারার জন্য বন্ধ নয়। তবে প্রত্যাবর্তনের পথ নির্ভর করছে তার ফিটনেস, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স এবং নির্বাচকদের মূল্যায়নের ওপর। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারলেই জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে।


