ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে পরে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ক্লাবের দলবদল নীতি ও স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলার পর তাকে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেতিকো মাদ্রিদ কাছে ২-০ গোলে হারের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্তিনেজ। এর জেরে বৃহস্পতিবার ক্লাবের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন তিনি। আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, “আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই।”
তিনি আরও বলেন, “আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সাথে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি।
“সবাই জানে আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলই আমার জীবনের সবকিছু। ওই হারের কারণে আমি খুব হতাশ ছিলাম, আর সেকারণেই ওইমুহূর্তে আমার যা মনে হয়েছিল তাই প্রকাশ করি, যা হয়তো সঠিক ছিল না, এবং তাই আমি ক্ষমা চাই।”
ক্লাবের পক্ষ থেকে মার্তিনেজের শাস্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মৌসুমের শেষ দিকে মাইকেল ক্যারিকের অধীনে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চলতি মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন তারা। ফলে কোচ ক্যারিকের পাশাপাশি খেলোয়াড়দেরও সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য ক্লাবের নীতিনির্ধারকদেরও দায়ী মনে করেন মার্তিনেজ। তার অভিযোগ, গ্রীষ্মকালীন দলবদলে দলকে শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ ও অর্থ ব্যয় করেনি ক্লাব কর্তৃপক্ষ। মাঠের পারফরম্যান্সে যার প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে একটি জয় ও তিনটি ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৩ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগেও দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছে দলটি।
এর আগে গত সেপ্টেম্বরে লিগ কাপের প্রথম ধাপেই ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক ব্যর্থতায় চাপে থাকা দলটির জন্য এখন ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ।



