...|...|...

খেলা

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ, বিপাকে ইন্টার মিলান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৯
Shares
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ, বিপাকে ইন্টার মিলান

লাউতারো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের হতাশার মধ্যেই আরও বড় ধাক্কা খেল ইন্টার মিলান। পেশির চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। আগামী আন্তর্জাতিক বিরতির আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। ফলে গুরুত্বপূর্ণ সাতটি ম্যাচে এই তারকা স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হতে পারে ইতালিয়ান ক্লাবটিকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্তিনেজের চোটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাবের তথ্য অনুযায়ী, পেশিতে চোট পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাথমিক ধারণার চেয়ে পরীক্ষা-নিরীক্ষায় চোটের পরিস্থিতি কিছুটা জটিল বলে জানা গেছে। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বিরতি পর্যন্ত মার্তিনেজকে পাচ্ছে না ইন্টার। এই সময়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালিয়ান সিরি আ মিলিয়ে অন্তত সাতটি ম্যাচ খেলবে দলটি। বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনিসিয়া, এসি মিলান, ফেয়েনুর্দ ও কোমোর বিপক্ষে ম্যাচগুলোতে অধিনায়কের অনুপস্থিতি অনুভব করতে হবে তাদের।

এর মধ্যে এসি মিলানের বিপক্ষে মর্যাদার মিলান ডার্বিতে মার্তিনেজকে না পাওয়া ইন্টারের জন্য বড় দুশ্চিন্তার কারণ। একইভাবে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার অনুপস্থিতি দলের আক্রমণভাগে প্রভাব ফেলতে পারে।

ইন্টার জানিয়েছে, রোজানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে মার্তিনেজের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্যান করা হয়েছে। পরীক্ষায় তার পেশিতে চোটের বিষয়টি ধরা পড়ে। তবে পুরোপুরি সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানায়নি ক্লাবটি। আগামী কয়েক দিনে তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে আবারও পরীক্ষা করা হবে।

ক্লাব ব্রুগের কাছে ৪-৩ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানিয়েছিলেন মার্তিনেজ। একই সাথে দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছিলেন, ‘মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে উন্নতি করার এটাই একমাত্র পথ।’