...|...|...

খেলা

রেফারিকে ফাউল করে বিতর্কে এনজো ফার্নান্দেজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৪
Shares
রেফারিকে ফাউল করে বিতর্কে এনজো ফার্নান্দেজ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৪-২ গোলের পরাজয়ের ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। খেলার মধ্যে জার্মান রেফারি সভেন ইয়াভলোনস্কিরকে ধাক্কার ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। রেফারির গায়ে ধাক্কা লাগার পরও এনজো কোনো কার্ড বা শাস্তি না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ফুটবল সমর্থকদের অনেকে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। দলের হয়ে গোল করেন দিজিরে দুয়ে, উসমান দেম্বেলে ও ভিতিনহা। পরে আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে দুটি গোল করলেও মাঘনেস আক্লিওচে আরেকটি গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন।

ম্যাচের একপর্যায়ে বলের দিকে ছুটতে গিয়ে রেফারির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এনজো। রেফারি তার দৌড়ের পথে চলে আসায় দুজনের মধ্যে ধাক্কা লাগে। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, এনজো নিজের গতিপথ পরিবর্তন না করে সরাসরি রেফারির পিঠে ধাক্কা দেন বলে মনে হচ্ছে।

দৃশ্যটিতে এনজোকে দুই হাত রেফারির পিঠে রেখে সামনের দিকে ঠেলে দিতে দেখা যায়। এতে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান সভেন ইয়াভলোনস্কি। পড়ে যাওয়ার পর তিনি পেছনে ফিরে ঘটনাটি বোঝার চেষ্টা করেন। অন্যদিকে, এনজোকে তখন বলের পেছনে না ছুটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর রেফারি উঠে খেলা চালিয়ে যান। এনজোর বিরুদ্ধে কোনো কার্ড দেখানো হয়নি, এমনকি তাৎক্ষণিক কোনো শাস্তিও দেওয়া হয়নি। আর এ বিষয়টিই ম্যাচের ফলাফলের বাইরেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রেফারির সাথে এমন সংঘর্ষের পরও এনজো কীভাবে শাস্তি এড়ালেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ফুটবল সমর্থকেরা। একজন সমর্থক মন্তব্য করেছেন, ‘এনজো ফার্নান্দেজ তো আসলে রেফারিকে ফাউল করে বসেছেন শুধু নিজের দৌড়ের পথ আটকে দেওয়ার জন্য!’

আরেক সমর্থক প্রশ্ন তুলেছেন, রেফারির সাথে এমন ঘটনার পরও এনজো কীভাবে লাল কার্ড পেলেন না? ম্যাচের ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা আরও বেড়েছে। তবে সংঘর্ষটি ইচ্ছাকৃত ছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরো ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি।