...|...|...

খেলা

প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৩
Shares
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত হলো দেশের প্রথম ট্রান্সপোর্টেশন স্পন্সর। আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দুই দলের যাতায়াতের বাসে স্পন্সর হিসেবে থাকছে স্থানীয় প্রতিষ্ঠান গাড়িবুক। এ চুক্তির আওতায় বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মিরপুরে বিসিবি ও গাড়িবুকের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়ে বিসিবি পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে গাড়ি বুক ডটকম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবে। এটার জন্য তারা আমাদের বোর্ডকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে। তারা ভবিষ্যতেও থাকবে।’

আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

চুক্তি অনুযায়ী, পুরো সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যবহৃত বাসে গাড়িবুকের ব্র্যান্ডিং থাকবে। দেশের ক্রিকেটে এ ধরনের স্পন্সরশিপের মাধ্যমে নতুন বাণিজ্যিক অংশীদারত্বের সূচনা হলো।

অনুষ্ঠানে গাড়িবুকের প্রতিনিধি বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের একটা স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকতে চাই।’

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি বোর্ডের সাথে যুক্ত থাকবে।