...|...|...

খেলা

কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৭
Shares
কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে যাওয়া রাজশাহী বিভাগীয় দলের ক্রিকেটারদের মালামাল বহনকারী চলন্ত কাভার্ডভ্যান থেকে লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোটরসাইকেল নিয়ে কাভার্ডভ্যানের পিছু ধাওয়া করে চলন্ত অবস্থায় পেছনে উঠে তালা ভেঙে ৮টি লাগেজ চুরি করেছিল সংঘবদ্ধ চক্রটি।

বুধবার (১৪ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এমন অভিনব চুরির ঘটনা ঘটে। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অধিকাংশ মালামাল। তবে লাগেজ থেকে অলরাউন্ডার এসএম মেহেরব হাসানের তিন লাখ টাকা খোয়া গেছে, যা এখনো পাওয়া যায়নি।

গ্রেফতারকৃতরা হলেন—চারঘাটের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার সোহান রহমান (২৩), রুবেল আহমেদ (৩৮) ও শাহাদত হোসেন (৫২)। পুলিশ জানায়, মোজাম্মেল হকের বিরুদ্ধে পূর্বের পাঁচটি এবং সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।

পুলিশ জানায়, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে রাজশাহী দল বিমানে ফিরলেও বিসিবির একটি কাভার্ডভ্যানে ঢাকার মিরপুর থেকে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ পাঠানো হয়।

ভোরে নাটোরে তালা চেক করে চালক রওনা হলেও পুঠিয়ার তারাপুরে চলন্ত অবস্থায় পেছনে উঠে দরজার তালা ভেঙে ৮টি লাগেজ ও মালামাল হাতিয়ে নেয় চোর চক্র। হোটেলে পৌঁছে দরজার তালা ভাঙা ও ৮টি লাগেজ কম দেখে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিকেটার মেহেরব হাসান।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, পুঠিয়ার তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে—একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি মাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স, তালা ভাঙার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা।

ঘটনায় পুঠিয়া থানায় মামলা করা হয়েছে এবং বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ক্রিকেটার মেহেরবের খোয়া যাওয়া বাকি তিন লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।