...|...|...

খেলা

রেফারিদের পক্ষপাতের অভিযোগ ভিনির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪০
Shares
রেফারিদের পক্ষপাতের অভিযোগ ভিনির

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

রেফারিদের কাছ থেকে প্রত্যাশিত সুরক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার মতে, নিজের পাশাপাশি বার্সেলোনার লামিন ইয়ামাল ও আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজের মতো প্রতিভাবান ফুটবলারদেরও রেফারিদের আরও বেশি সুরক্ষা দেওয়া উচিত। মাঠে বারবার ফাউলের শিকার হলেও প্রতিপক্ষের খেলোয়াড়দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ভিনিসিয়ুস। নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা হতাশার কথা স্বীকার করলেও দ্রুত সেরা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের কয়েক ঘণ্টা আগেই স্প্যানিশ লিগে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান ভিনিসিয়ুস। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুল টানা এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেছিলেন তিনি। এই শাস্তিকে অতিরিক্ত মনে করছেন রিয়াল তারকা। নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘চার ম্যাচের জন্য অন্য কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে দেখেছি বলে তো মনে পড়ে না। আমি শুধু সামনের খেলোয়াড়কে সরিয়ে পথ তৈরি করতে চেয়েছিলাম, আর ভুলবশত আমার হাত তার চুলে লেগে যায়।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ভিনিসিয়ুস আরও বলেন, ‘ব্যাস, এতটুকুই ছিল বিষয় অথচ পেয়ে গেলাম লাল কার্ড! আমি সত্যিই অবাক হয়েছিলাম। চার ম্যাচের মতো বড় সাজা পাওয়ার মতো আপত্তিকর কোনো শব্দই আমি রেফারিকে বলিনি। কিন্তু যখনই ব্যাপারটা 'ভিনি' কে নিয়ে হয়, তখন সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য বড্ড সহজ হয়ে যায়।’

সমালোচনা ও প্রতিপক্ষের প্রতিক্রিয়া নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি বলেন, ‘প্রতিপক্ষ দল তো সবসময় বলবে যে সিদ্ধান্ত ঠিক ছিল, আর সংবাদমাধ্যমও তাদের সুরেই কথা বলবে। এটা আমি বুঝি। আমি এখানে এসেছি নিজেকে আরও উন্নত করতে, কারণ আমি জানি আমি কোথা থেকে এসেছি এবং আমার কতদূর অর্জন করার ক্ষমতা আছে।’

রেফারিদের আচরণে অসন্তোষ প্রকাশ করে ভিনিসিয়ুস বলেন, ‘প্রতিপক্ষের দর্শকরা আমাকে নিয়ে ভুয়া স্লোগান দিলে বা দুয়ো দিলে আমার সমস্যা নেই, কারণ প্রতিপক্ষের বিপক্ষে গোল করাই আমার কাজ। কিন্তু রেফারিদের দৃষ্টিভঙ্গিটাই আমি বুঝতে পারি না।’

নিজের বিরুদ্ধে হওয়া সমালোচনার পাশাপাশি মাঠে ফাউলের শিকার হওয়ার পরিসংখ্যানও তুলে ধরেছেন ভিনিসিয়ুস। তার দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার ফাউল করলেও যথাযথ শাস্তি পান না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পরিসংখ্যান দেখেছি  আমাকে এখন পর্যন্ত প্রায় ৫০০ বার ফাউল করা হয়েছে, অথচ তার বিনিময়ে প্রতিপক্ষ কেবল ৫টি লাল কার্ড পেয়েছে! শেষ পর্যন্ত দেখা যায়, হলুদ কার্ড সবসময় ভিনির কপালেই জোটে, বা আক্রমণাত্মক খেলোয়াড়রা কার্ড খায়। আমাদের মতো যেসব ফুটবলার খেলায় ভিন্ন মাত্রা যোগ করে যেমন বার্সেলোনার লামিন ইয়ামাল কিংবা আতলেতিকোর হুলিয়ান আলভারেজ তাদের রেফারিদের রক্ষা করা উচিত। ডিফেন্ডাররা পুরো ম্যাচজুড়ে আমাকে ফাউল করে পার পেয়ে যায়, আর দিনশেষে কার্ড খেতে হয় আমাকেই।’