এভারটনের বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় মারাত্মক চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চেলসি ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হিল ডিকিনসন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চোটের তীব্রতার কারণে মাঠেই প্রায় ৯ মিনিট চিকিৎসা দেওয়া হয় তাকে।
শনিবার (১৭ অক্টোবর) ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে শূন্যে ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে এভারটনের জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মুখে ও মাথায় প্রচণ্ড ধাক্কা লাগে মার্তিনেজের। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন এই আর্জেন্টাইন তারকা। দীর্ঘ সময় মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্র্যাচারে করে বের করে নেওয়া হয়।
যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টস নিশ্চিত করেছে, প্রাথমিক চিকিৎসার পর মার্তিনেজকে সরাসরি লিভারপুলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আর্জেন্টাইন এই তারকা মাঠ ছাড়লে ৭৪তম মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ান তরুণ মাইক পেন্ডার্স। এই ম্যাচের মাধ্যমেই প্রিমিয়ার লিগে পেন্ডার্সের অভিষেক ঘটল।
দুর্ঘটনার সময় চেলসি ১-০ গোলে এগিয়ে ছিল। পরবর্তীতে ৯০তম মিনিটে পেদ্রো নেতোর গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে অল ব্লুজরা। গত জানুয়ারির পর প্রিমিয়ার লিগে চেলসির এটিই প্রথম 'ক্লিন শিট'।
ম্যাচ শেষে টিএনটি-কে পেদ্রো নেতো বলেন, 'জয়ে আমরা আনন্দিত, তবে এমির এই চোট আমাদের মন খারাপ করে দিয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় আমরা তাকেই উৎসর্গ করছি।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেওয়া মার্তিনেজের এই ভয়াবহ চোট ২০০৬ সালের অক্টোবরে রেডিংয়ের বিরুদ্ধে পিটার চেকের মাথায় পাওয়া মর্মান্তিক চোটের স্মৃতি ফিরিয়ে এনেছে।

