দেশের প্রচলিত সাংবিধানিক বিধিবিধান অনুসরণ করে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিরোধী রাজনৈতিক দলকে সাধুবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধী পক্ষ কার্যত বিদ্যমান সংবিধানের প্রতি নিজেদের আস্থা ও স্বীকৃতি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসরণ করে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিরোধী দল বিদ্যমান নিয়মে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাই প্রচলিত সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের নেওয়া শপথের কার্যকারিতা আর থাকে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে।’
এ সময় বিরোধী জোটের প্রার্থী অলি আহমদের নির্বাচনে অংশগ্রহণেরও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অলি আহমদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এটিই গণতন্ত্রের আসল সৌন্দর্য।’


