...|...|...

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সকাল ৮:৪১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:০৪
Shares
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ

বঙ্গভবনের দরবার হলে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৈধ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার জন্য যোগ্য ছিলেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পর এখন বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে।