রাশিয়ার সংসদীয় নির্বাচনের শেষ দিনে মস্কো অঞ্চলে এ পর্যন্ত হওয়া ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন এবং রুশ রাজধানীর একটি তেল শোধনাগারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (২০ সেপ্টেম্বর) ইউক্রেন এ হামলা চালায়। খবর রয়টার্সের।
এর আগে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষ একে অপরের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন যে, শনিবার থেকে রাশিয়া ৪৫০টি মস্কোগামী ড্রোনসহ মোট ১,৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।
তিনি বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই স্পষ্টতই এই অভূতপূর্ব হামলাটি পরিকল্পনা করা হয়েছিল। তবে শত্রু পক্ষ তাতে সফল হতে পারেনি।
তিনি আরও জানান যে বেশ কয়েকটি ড্রোন তেল শোধনাগারের প্রাঙ্গণে আঘাত হেনেছে এবং একটি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে।


