...|...|...

বিশ্ব

যে শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩২
Shares
যে শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং সামরিক চাপ কমায়, তবে মাত্র ৭ দিনের মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আবার সবার জন্য উন্মুক্ত করে দিতে প্রস্তুত ইরান।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বড় প্রস্তাবের কথা জানান।

প্রথম খবরটি প্রকাশ করে জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সাথে সম্পর্কের বরফ গলাতে এবং সামরিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যেই এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে তেহরান। দীর্ঘদিনের শত্রুতা অবসানে এটি একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রয়টার্সকে ওই ইরানি কর্মকর্তা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা শুরুর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই অধিবেশন যুক্তরাষ্ট্রের জন্য সমঝোতায় ফেরার বড় সুযোগ। যুক্তরাষ্ট্র ইতিবাচক পদক্ষেপ নিলে ইরানও আলোচনার টেবিলকে স্বাগত জানাবে। তবে রয়টার্স ও কিয়োদো নিউজের কাছে সাক্ষাৎকারদাতা ব্যক্তি একই কর্মকর্তা কি না, তা স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।