ইরানের ওপর যেকোনো হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে কখন তার সমাপ্তি হবে, সেই সিদ্ধান্ত ইরানই নেবে।
শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আবদোল্লাহি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ও সম্পদের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে, যা ইরানের সামরিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত।
আবদোল্লাহি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েলকে এমন এক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।’ তাঁর ভাষ্য, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, শত্রুপক্ষের কোনো পদক্ষেপের জন্য অপেক্ষা করবে না তেহরান। বরং বৈরী কর্মকাণ্ডের আভাস পেলেই পাল্টা আঘাতের সময় ও ধরন ইরান নিজেই নির্ধারণ করবে।
তিনি জানান, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নজর রাখছে ইরান। পাশাপাশি লক্ষ্যবস্তুর তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো মাত্রা বা ধরনের আগ্রাসন শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিহত করা হবে।


