...|...|...

সারাদেশ

যুবদল নেতার বাড়িতে মিলল এলজি ও পাঁচ রকেট ফ্লেয়ার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ৯:১০
Shares
যুবদল নেতার বাড়িতে মিলল এলজি ও পাঁচ রকেট ফ্লেয়ার

বাম পাশের ব্যক্তি যুবদল নেতা নওশাদ আলম।

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।

গ্রেফতার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ নওশাদ আলমকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।