যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। একই সময়ে তীব্র শীতের কারণে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় চলমান বৈরী আবহাওয়া ও তীব্র শীতে প্রাণহানির ঘটনা বাড়ছে। সর্বশেষ নয় মাস বয়সী শিশুটির মৃত্যুর মধ্য দিয়ে প্রতিকূল আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিহত ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই শেষে মোট মৃত্যুর তালিকায় নতুন করে আরও ২১ জনের নাম যুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির যাচাইয়ের পর তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়। গত ৭ নভেম্বরের পর এই প্রথম নতুন করে মৃত্যুর তথ্য যুক্ত করা হলো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। পাশাপাশি শীতের প্রকোপে নতুন করে মৃত্যুর ঘটনা উপত্যকাটির বাসিন্দাদের মানবিক সংকটকে আরও প্রকট করে তুলছে।


