...|...|...

বিশ্ব

যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাবেন যাত্রীবাহী বিমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাবেন যাত্রীবাহী বিমান

ছবি: সংগৃহীত

২০১৯ সালে পাকিস্তানের হাতে আটক হয়েছিলেন তিনি। সেই অভিনন্দন বর্তমান এবার যুদ্ধবিমান ছেড়ে দিলেন। ভারতীয় বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে বেসরকারি এয়ারলাইনস ফ্লাই৯১-এ বাণিজ্যিক পাইলট হিসেবে যোগ দিয়েছেন সাবেক এই উইং কমান্ডার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বীর চক্র পদকপ্রাপ্ত অভিনন্দন গত আগস্টে ফ্লাই৯১-এ যোগ দেন। বিমানবাহিনীতে ২২ বছর দায়িত্ব পালনের পর নতুন ক্যারিয়ার শুরু করলেন তিনি। এ বিষয়ে অভিনন্দন এখনো কোনো মন্তব্য করেননি। ফ্লাই৯১-এর এক মুখপাত্রও কর্মীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এটি ব্যক্তিগত বিষয়।

২০২৪ সালের মার্চে ফ্লাইট শুরু করা ফ্লাই৯১-এর ঘাঁটি গোয়া ও হায়দরাবাদ। এয়ারলাইনসটির বহরে আছে ৬টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে হামলা চালায়। পরদিন ২৭ ফেব্রুয়ারি পাল্টা হামলা করে পাকিস্তান। আকাশযুদ্ধে অভিনন্দনের মিগ-২১ বাইসন ভূপাতিত হয়। পাকিস্তানি সেনারা তাকে আটক করে। ভারতের দাবি, ভূপাতিত হওয়ার আগে অভিনন্দন পাকিস্তানের একটি এফ-১৬ বিমানও গুলি করে নামান।

তিন দিন পাকিস্তানে আটক থাকার পর ১ মার্চ ওয়াগা সীমান্ত দিয়ে তাকে ফেরত পাঠানো হয়। কয়েক মাস পর তাকে বীর চক্র পদকে ভূষিত করে মোদি সরকার। পুরস্কারের বিবরণে বলা হয়, আকাশযুদ্ধে অসাধারণ দায়িত্ববোধের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

পাকিস্তান বিমানবাহিনীর দুই পাইলটকে ওই ঘটনায় পদক দেওয়া হয়। উইং কমান্ডার নোমান আলী খান পান সিতারা-ই-জুরাত। গ্রুপ ক্যাপ্টেন ফাহিম আহমেদ খান ও স্কোয়াড্রন লিডার হাসান মাহমুদ সিদ্দিকী পান তমঘা-ই-জুরাত। বালাকোট হামলা ও পাল্টা হামলার ঘটনা পারমাণবিক শক্তিধর দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই সংকটের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন অভিনন্দন।